Sunday, December 7, 2014

আবার কখনো যদি

আবার কখনো যদি
সেই চৌরঙ্গীতে
একগুচ্ছ জীবনানন্দ,
কয়েকটি সিগারেট,
একটি দেয়াসলাই ,
স্বপ্নালু তুমি ,
এক ঠোঙ্গা ঝালমুড়ি,
মৌনতাময় স্নিগ্ধ বিকেল
আর
এক পশলা বৃষ্টি...
তুমি আমি আর একমুঠো গোধূলি।

Monday, December 1, 2014

স্বাধীনতার আগমন



কতটা সংগ্রামের পরে, কতটা রক্তের দামে
কতটা তাজা প্রাণের বলিদানে কতটা বিসর্জনের
অন্তিমে তোমায় পাওয়া হে স্বাধীনতা।
তোমাকে আনার জন্য শিল্পীর তুলি রঙ ছড়াল রক্তের।
রহস্যমহী মোনালিসা নিমেষেই রূপ নিল
ভাজ্ঞাহত হরিদাসির মলিন বদন হয়ে।  
বিক্ষিপ্ত লাল সিদুর কপাল থেকে মুছে
ছড়িয়ে পড়লো দ্রোহের ক্যানভাসের প্রতিটি আঙ্গিনায়।
তোমাকে ছোঁয়ার জন্য ছন্দ বদলে গেলো কবিতার।
কবির কলমে চেতন হল বিজয়ের অবাধ্য হুংকার,
মুক্তির দুন্দুভি সুর তুলল প্রতিটি শব্দের অন্দরে।
তোমার উদার দর্শন পেতে কৃষকের হাত
লাঙ্গল ছেড়ে তুলে নিল বন্দুক, মুক্ত বাংলার আকাশে
লাল সবুজের তৃষ্ণায়, ছাত্র শিক্ষকের কোরাস কণ্ঠ
মুহূর্তেই রূপ নিল অধিকারের দৃপ্ত শ্লোগানে,
জল্পাই রঙ্গা ট্যাঙ্কের বুলেটি হুংকারে নেই ভ্রূক্ষেপ কারো।
হাসতে হাসতে বুকে বেয়োনেট নিল শত শত তাজা একুশ ।


Thursday, November 27, 2014

জাগরণের সুর


দিচ্ছ বৃথাই সান্ত্বনা
চলছে ছলের মন্ত্রণা,
পাচ্ছে মানুষ যন্ত্রণা,
সইছে ভীষণ বঞ্চনা
করছে তোমার বন্দনা
তবে হে শাসক হোক জানা
মানুষ মোরা, যন্ত্র না
প্রতিবাদহীন মরবো না
শোকই শেষ দিগন্ত না,
উঠবো জেগে বুঝবে না
দুর্বার হয়ে, শান্ত না ।
ছলে মোরা বিভান্তনা ।
হই সাধারণ, দমবো না
সংখ্যায় মোরা কমতো না!



Sunday, November 9, 2014

সস্তা বিরহের কাব্য

নিষ্প্রভ অসারতাময় স্থবির ভাবনা তবু
নিমজ্জনের নিস্তব্ধতায় প্রকম্পিত হয় সহসা
কুয়াশাচ্ছন্ন বিমূর্ত উপলব্ধির অস্পষ্ট ভাষা
ভ্রান্তির অবগুণ্ঠনে আজ নির্লিপ্ত নিভুনিভু।

কবেকার সেই সস্তা প্রেমের তারনাময় দ্যুতি
নিরন্তর রাত্রি জাগা উদ্দিপ্ত ছন্দময় কাব্যের শতদল
শুভ্র ভোরের শিশির জড়ানো স্নিগ্ধ চপল পদযুগল
মহাকালের ক্রুদ্ধ প্রভঞ্জনে আজ বিষাদময় স্মৃতি।

সেই পুড়নো চিঠি আর শ্লেষমাখা সেই চেনা সুর
সেই কবিতার ছন্দে জীবন্ত তার উৎকণ্ঠিত উদ্বেল
চঞ্চল প্রাণের অকৃত্রিম উল্লাস মাখা স্নিগ্ধ বিকেল
প্রতিক্ষার অভিমানে ঘেরা তপ্ত ভরদুপুর ।

উড়ে যায় সুখের বুনোহাঁস নিরুদ্দেশ পথে সুদুরে
ঝরাপাতাদের স্তব্ধতা ছড়িয়ে যায় কবিতার ছন্দে ছন্দে
কবিতার বুকে বিষাদ,  স্মৃতি-বিস্মৃতির অনিমেষ দ্বন্দ্বে
সস্তা বিরহের কাব্য গড়ে ওঠে নীল বেদনার সুরে।

Wednesday, October 29, 2014

মেহের চত্বর



মেহের চত্বর- ক্লাস ফাঁকি দেয়া অলসতা ভরা সকাল
মেহের চত্বর- গুমোট দুপুর, স্নিগ্ধ শান্ত বিকাল।
মেহের চত্বর- দৃপ্ত শ্লোগান, গনসঙ্গীত ঝংকার
মেহের চত্তর- উদ্ভ্রান্ত সেই একুশের অহংকার ।

মেহের চত্বর- অভিমানী গান, বিরহ জড়ানো সুর
মহের চত্বর- মান ভাঙানোর চেষ্টা এক দুপুর,
মেহের চত্বর- এক কাপ চা, সিগারেট হাতে জ্বলত
মেহের চত্বর- হৃদয় শুধু তোমারই কথা বলতো।  

মেহের চত্বর- গোধূলি বেলায় আড্ডা মুখোর প্রহর
মেহের চত্বর- প্রকৃতির ভীরে দূরে রেখে সব শহর,
মেহের চত্বর- হাতে রেখে হাত প্রেমের কবিতা বলা
মেহের চত্বর- দ্রোহের কাব্যে প্রতিবাদী সুর তোলা।

মেহের চত্বর- মুখরিত র‍্যালি, অনাবিল সব উচ্ছ্বাস
মেহের চত্বর- ভুলবোঝাবুঝি অনুযোগ, দীর্ঘশ্বাস।
মেহের চত্বর-স্মৃতি জড়ানো হৃদয়ের ফ্রেমে অমলিন
মেহের চত্বর- প্রতিবাদহীন সময়ের স্রোতে বিলীন।

Monday, October 27, 2014

প্রতারিত বোধের অবসানে



বিপন্ন বোধে অবলুপ্ত মানবিকতা আজ সহসাই
নিয়ন আলোর আধুনিকতায় মহোসবে মত্ত
উচু দালানের সুসজ্জিত লালনীল আলোয় উদাত্ত
কবিতার বইতো সেকেলে সংস্কৃতি, দামী মুঠোফোন
মাঝরাতে বিজাতীয় সংস্কৃতির নির্লজ্জ উযাপন
আঘাতে বঞ্চনায় বিবর্ণ মূল্যবোধ, হাসে লালসাই।

আমাদের হৃদয়ের প্রতিটি আঙিনা হেথায়  
লালসার  লিকলিকে কালো জিভের দংশনে
ক্ষতবিক্ষত। প্রেম তাই লীন হয় আত্মগপনে
দেশত্ববোধ এখানে উপহাসে আলোচিত
বিপ্লবীর রুদ্র সত্ত্বা এখানে অসার- মৃত
সাম্যের  অভীপ্সা নিরবে কেঁদে যায়।

পথভ্রষ্ট সময়ের অবসানে শুভ সূচনা হবে নব প্রভাতের?
অসহায়ের ক্রন্দন স্বর মুহূর্তেই  হবে মুক্তির উদাত্ত শ্লোগান
পোশাকে নয়, চেতনায় ধারিত হবে সংস্ক্রিতর মান
সাম্য কেবল কবিতার বদ্ধ অক্ষরে নয়, উদ্ভাসিত হবে  
রক্তিম আভা হয়ে সমাজের প্রচ্ছদে, প্রতিটি হৃদয়ের অনুভবে।
নতুন দিনের সূর্য উঠবে বিদায়ে আঁধার রাতের?