Thursday, April 10, 2014

স্বপ্ন- জীবিকা



ছয় নম্বর বাসের হেল্পারের মত অবিরাম ছুটন্ত জীবন,
একটু স্বপ্ন-জীবিকার খোঁজে,  
তোমার ভালবাসার কৃপণ আলোর অনুসন্ধানে।
ঠিক যেমন চঞ্চল কাক 
ডাস্টবিনের আস্তাকুরো ঘেঁটে বেড়ায়-
ক্ষুধার  নিবারণে,  
আমার দৃষ্টি গিলে খায় তোমার ঐ দুই ঠোঁট,
চিবুক , সুডৌল বক্ষদ্বয়-
আর বুকের ভেতরে অবহেলায় পড়ে থাকা
একটু ভাবনা, একটু অনুভব,
 যাকে ভালোবাসা ঠিক বলা যায় না।
তবে এটাই আমার স্বপ্ন- জীবিকার সার্থক উপার্জন।

Saturday, April 5, 2014

আড়ষ্ট বর্তমান


ইচ্ছের নুয়ে পরা স্বপ্নহীন আচ্ছাদনে আড়ষ্ট দিনাতিপাত
কখনো চৈতালি হাওয়ায় উড়ে আসা স্মৃতিদের নিত্য প্রভঞ্জন,
আহত কামনায় হাত বাড়াই, নিয়ত প্রতারিত হই মোহের ছলনায়।
ভালোবাসা কিংবা দ্রোহ আজ সময়ের অতীত।
আবদ্ধ আঙ্গিনার পরাধীনতায় আজ শিতাতপ নিয়ন্ত্রিত স্বস্তিই সান্তনা।
ডায়েরি নয়, কলম নয়, তাই কবিও নই আজ।
কীবোর্ড আর মনিটর সামনে রেখে স্রেফ যন্ত্রমানব।
নীলাভ বিকেলে মৃদু হাওয়ায় হেঁটে যাওয়া সেই চৌরঙ্গীর মোহনা,
উস্রিংখল বাতাসে সরে যাওয়া ওড়নায় তোমার অপ্রস্তুত সলজ্জ চাহনি
আজ কেবল সময়ের তোরণে ভিড়  জমানো স্মৃতির বিলাপ। 
এক চুমুক তুমি আর এক ঢোঁক অতীত,
ভালোবাসা আর অপরাধবোধে মিলে মিশে একাকার
আড়ষ্ট বর্তমান আজ কেবলি উত্তর খুঁজে ফেরে-
হারিয়ে যাওয়া তোমাকে , সময়ের ব্যবধানে।

Thursday, March 13, 2014

দুঃস্বপ্নের পোস্টমর্টেম


নৈমিত্তিক কুণ্ঠায় বিপন্ন বোধ,
এখানে স্বপ্নের আকাশে আহত বাস্তবের থমথমে কালো মেঘ
নৈশব্দ আর্তনাদে অভিশপ্ত যযাতি।
আমার কাছে জ্যোস্নার ঢল এখন আর উদার স্বপ্নের
মোহময় যাতনা নয়, নিয়ম মেনে রাত্রির বক্ষে
চুরি করা খানিকটা আলো বিলিয়ে  দেয়ার সান্তনা।

Sunday, February 16, 2014

অনুভূতির বিবর্ণতা

ক্লান্ত কবির অনুভূতির বিবর্ণতা-
তবুও হায়, শব্দ বুনে যায়,
আবেগের খেয়ায়, স্বপ্নহীন বিবর্ণতায়...

ভালোবাসা সেথায় নৈশব্দের শব্দহীন ডানায়
নৈরাশ্যের বুকে উড্ডীয়মান ,
কবিতার অক্ষর জুড়ে ছন্দহীনতার ম্রিয়মাণ যাতনা।

ফেলে আসা গোধূলি ,
কালের ধুলোয় মুছে যাওয়া কিছু হাসি-
পাছে পড়ে থাকা নিকষ অভিমান। 

মিছিল কিংবা দ্রোহ,
সবই সময়ের খেয়ালী অভিলাষ-
বর্তমানে যার অস্তিত্ব- উপহাসমাখা প্রতারিত অতীতের ফ্রেমে।

Wednesday, January 1, 2014

নতুন দিনের প্রেরণা...



নতুন বছর মানেই আজি নতুন স্বপ্ন আঁকা
নতুন প্রানের উচ্ছ্বাসে আজ সুখটি ছড়িয়ে থাকা,
ফেলে আসা যত বেদনার গ্লানি, রুক্ষ হাহাকার-
নব প্রভাতের শুভ্র আলোয় লীন হয়ে ছারখার।
ফুলের সব সৌরভে আর সৃজনের গানে গানে,
নতুন বছর ডানা মেলে দাকে নতুনের আহ্বানে।

শত বঞ্চিত আহত চিত্তে পরিবর্তনী সুর,
নিদারুণ যত কষাঘাতে আর নাহি হব ভঙ্গুর-
নতুন দিনের নতুন ডাকে দূর করে সব জরা
সাম্যের সুখে হাসবে আজিকে তৃপ্ত বসুন্ধরা।
নতুন আলোর রঙিন দীপ্তি তুচ্ছ করে ভয়,
আঁকবে যে পথ আধারের বুকে, তুলবে সৃজনী প্রলয়।

নতুন বছর- প্রেয়সীর ঠোঁটে উষ্ণ চুমুর স্পর্শ
রক্তগোলাপ হাতে নিয়ে বলা-“ শুভ হোক নববর্ষ”
পুড়নো ডাইরির কবিতা পড়ে ম্লান হাসা এক হাসি,
লাজুক কণ্ঠে আজো বলে ওঠা- “তোমাকেই ভালোবাসি”
পড়ে থাকে শুধু নিভৃতে কিছু বিসর্জনের ব্যাথা;
নতুন বছর নব জীবনের স্পৃহার স্বপ্ন গাঁথা।