Sunday, August 9, 2015

সভ্যতায় আজ সব ভোঁতা



রক্ত নদীর নাব্যতা
চারপাশে নৃশংসতা
এই না হলে সভ্যতা!  
ক্রন্দন সব কাব্যতা ।
যা খুশি আজ লিখবতা।
বুলেট মিসাইল তীক্ষ্ণতা
দ্রোহ মানেই মূর্খতা
করুক গ্রাস আজ জীর্ণতা
সভ্যতায় আজ সব ভোঁতা!

দ্রোহের অনুকাব্য



বাতাসে আজো লাশের গন্ধ,
মূর্খ মোদের তবু আনন্দ!!
মৃত্যু মিছিল, হিংস্র দ্বন্দ্ব
আয়েশি মোরা নেই তো মন্দ।
হাহাকার যেন নিত্য  ছন্দ
থাক চেতনার দ্বারটি বন্ধ।

Thursday, July 30, 2015

মুক্ত হোক প্রেম


অতঃপর দৃপ্ত পায়ে এগিয়ে চলা অনির্বাণ
অচ্ছুতের গ্লানি গায়ে নিয়ে আর মূর্ছা নয়
লাঞ্ছনার যাতনা প্রদীপ্ত করুক কুণ্ঠার অন্ধকার
এগিয়ে চলি অদম্য, দ্রোহের শাণিত চেতনায়-
মহাকালের শৃঙ্খল ভাংতে, তবু মুক্ত হোক প্রেম।

Thursday, July 23, 2015

বিত্ত


থাকলে টাকা বাড়বে বড়াই
কথায় কথায় ঠাট মেরে যাই
সবটা আমার হবে।

অর্থবিত্ত মানেই যে সব
অহংকারের জোর কলরব
বিত্ত মাঝে যবে।

টাকার জোরে প্রাপ্তি এলে
জগতটাকে মুঠোয় পেলে-
সালাম ঠুকোয় সবে ।

সব কি তবু টাকায় মেলে
টাকার জোরে সবতো পেলে
কিছু আছে বাকি ভবে।

প্রেম তো কভু মেলেনা বিত্তে
যদি না সে কড়া নাড়ে এ চিত্তে
জেনে রেখো সখা তবে ।

Wednesday, July 22, 2015

তোমার দেখা পাবো তাই


তোমার দেখা পাবো তাই এলোমেলো শব্দেরা  সুবিন্যস্ত হল কবিতায়
শত শত কবির কলম ফুঁড়ে অগোছালো ভাবনারা তৈরি করলো প্রেমের গল্প।
তোমার চাহনির উত্তাপে ভস্ম হতেও প্রবল ইচ্ছে জাগে উন্মাদ কবির।
স্পর্শের স্পর্ধা নাইবা আসুক দূর থেকেই নিংড়ে নেব তোমার স্নিগ্ধ নির্যাস।
তোমার দেখা পাবো তাই কফির পেয়ালায় চুমুক দিয়েই রজনীর জাগ্রত আলিঙ্গন
স্ট্রীটে স্ট্রীটে ছড়িয়ে পরা দ্রোহের ফুলকি আজ সানডে বলে নিভৃত হয় প্রেমে।
তোমার হাসির চপল ছন্দে সহাস্যে প্রাণবন্ত হয় ফাঁসির আসামী , গিলোটীনে।
তোমার আহ্বান নাই বা আসুক তবু ইচ্ছেরা ডানা মেলুক প্রাণে, প্রেমের উষ্ণতায়।
পঁচাত্তরের নকশাল কিংবা সর্বহারারাও মার্ক্স-লেনিন ভুলে প্রতীক্ষায় তোমায় দেখার।
তোমার দেখা পাবো তাই, জেল পালানো  কয়েদীও যাত্রায় বিরাম দেয় অপলক।
স্পর্শে নয় , হয়তো কেবল দেখা আর কল্পনাতেই জীবন্ত তুমি , তুমি অতুলনীয়া ।