Thursday, March 23, 2017

সীমার ওপাশে মেয়ে, তুমি কে?



স্বপ্ন সঙ্গমে আবিষ্ট থেকো ভুবনময়
সীমার ওপাশে তুমি অধরাই রও।
রুদ্ধশ্বাস সব নিমেষে হয়ে যাক প্রাঞ্জল উপাখ্যান
বহুদিনের ক্লান্ত পাখির মত তুষ্ট হও
আপন নীড়ে ফিরে। অমোঘ নিয়তিকে শিরে নিয়ে
আত্ম-অধীনতার স্বাধীনসুখে আর প্রথাগত অনুকূলতায়।
সাজানো নিয়ে বয়ে যাক তব সুখের ফুল্গুধারা,
কিছু কান্না, কিছু শ্লেষ নয়ত কিছু আকুতির
জীবন্ত শব্দাবলী - মুছে যাক উচ্ছ্বাসের ঝড়ঝাপটায় ।
দক্ষিণা সমীর বইবে তোমার ব্যালকোনিতে
উড়বে সময়ের ধুলি, উড়ে যাবে দূরে আরও দূরে
ব্যাথার কবিতার ছিন্ন কাগজগুলো।
শিয়র ছুঁয়ে দিও তৃপ্তির প্রশস্ত বুকে, জানোই তো-
অনুক্ত আবেগের নিভৃতির চেয়ে উন্মুক্ত প্রাত্যহিকতার ব্যঞ্জনা
এই শতকে অধিক গ্রহণযোগ্য ।
তবে কৃষ্ণচূড়ার দিকে তাকিয়ো না আর, তোমার চোখ
সেই লালকে ধারণ করতে পারবে না। এমনই লাল
দেখেছিলে কোনো এক প্রেমিকের বুকে,
সীমায় বাঁধবে সেই ছিল ভয়!তার বুকের লাল গুলো
ক্রমেই ছড়িয়ে গেছে কৃষ্ণচূড়ার গায়ে।
এর চেয়ে ঢের ভালো স্বপ্নসঙ্গমের পরে
কাঙ্খিত রজনীতে প্রেমের দেবী হয়ে আইনি অভিসার।
সীমার ওপাশে সেই প্রেমিকের কান্না নাই বা হোক
আর সঙ্গমের কাতর আবহ। নিয়মের ফেরে প্রেমিক ও
নিজেকে আকাশ ভেবে বুকের রক্তকে আবির করে নেবে।
তোমার ফেলে আশা দীর্ঘশ্বাস গুলো বুকে নিয়ে জমা করবে মেঘ,
মেয়ে, তুমি তৃপ্ত হও আপন নীড়ে, অমোঘ গন্তব্যে।
সীমার ওপাশে, মেয়ে তুমি কে? প্রেমিকই শুধু জানুক।

Monday, March 20, 2017

প্রেমিকাও নিশ্চুপ



স্বপ্নময় রাত্রির পরে শুভ্র সকাল
আর তারপর কোমল রোদ  গায়ে মেখে
রৌদ্রস্নান!! প্রেমিকের কল্পলোক এমনি থাকে তুমিময়।
অথচ বর্তমান থমকে আছে বিষণ্ণ একাকীত্বে ,
পোড়া রোদের তপ্ত রাগে স্বপ্নের বৈকুণ্ঠ মরুময়।
এখানে প্রেমিকের চোখ যেন অশ্রু ঝর্নার উৎস পথ।
চায়ের টেবিলে বিষাদ, মৌন সিগারেটের জ্বলন্ত অঙ্গারে বিষাদ,
কবিতার বইগুলোতে ধুলো আর বিষাদের ছড়াছড়ি।
গোধূলির আলোও এখানে কান্নার সঙ্গহীন আবহ জাগায়।
নিয়মিত দুপুরে ডাইনিং এ মুখোমুখি! নিস্তেজ অনুভূতি সব।
দরজার ওপাশে তবু প্রতীক্ষিত সেই জন,
প্রেমিক হয়ে যে বিপ্লবের পথে, মৌন দহনে দগ্ধীভূত নিয়ত।
যদি বৃষ্টি আসে, তখন অশ্রু আসে- অভিমানের
না পাওয়ার বিষণ্ণতায় যাতনার রঙ হয় কালো মেঘ ।
প্রেমিক উন্মাদ হয়, প্রেম আঁকে শব্দে,
অথচ বিষাদের ক্যানভাসে, অশ্রুর তুলিতে, বিবর্ন বোধে।
পুষ্ট সন্ধ্যায় প্রেয়সীর চুমু কাংখিত বটে,
তবু সভ্য গৃহে অপেক্ষায় থাকে নিয়মের অনিবার্য আরেক পৌরষ ঠোঁট ।
যাতনাময় চুমুর অভীপ্সাও তখন প্রেয়সীর কাছে কেবল
অচ্ছুৎ থুতুর  ছড়াছড়ি।আকাংক্ষিত গোলাপি জিভ প্রেমের সুধায় নয়
অরুচিতে  ধরা দেয় মনে, প্রবল বিবমিষায়।
অর্থহীন আবেগে আবার আহত হয় প্রেমিক,
কেউ কি জানে- শরীর তবু শেষ কথা নয়।
মনের গহীনে সজ্জিত যার ছবি তার সব কিছুই তৃপ্তির
লালা, ঘাম, যোনি সব । প্রেমিক সর্বময় প্রেমকে আঁকতে জানে।
সময় তবু তারে দেয় না সেই অধিকার,
তাই প্রেমিকাও নিশ্চুপ।

Wednesday, January 18, 2017

কল্প আকাশের বুনোহাঁস

কল্প আকাশের বুনোহাঁস কবেই উড়ে  গেছে শব্দডানায় ভর করে,  ছন্দ পেখম খুলে! নি:সার কল্প আকাশ নৈশব্দ নিয়ে অসার থাকে বর্ণহীন বিষাদের অন্ধকার আবরণে। বুনোহাঁস উড়ে গেছে দূরে, সব নিয়ে তার, সময় কোথায় তার কারো দু:খ ভার বইবার! কল্পলোকে আকাশ আছে আজো, নিরুদ্দেশ লীন হওয়া বুনোহাঁসটি নেই। কবিতা তাই কাগজ ফুঁড়ে জন্ম নেয় না অনেকদিন, ছন্দহীন আলাপনে মত্ত ব্যস্ত সময়। কেউ কি খুঁজেছে আর সেই বুনোহাঁসটার? পেখমে পেখমে বিলিয়ে যেত কাব্যদ্যুতি। শব্দহীন কল্পলোকে অনাহুত প্রবেশ করে দরকষাকষি বাক্যবাণ।  তবু নিভু নিভু আলোয় শূন্য আকাশটি আজো একটি প্রেমের কবিতার প্রচ্ছদ হতে চায়।

-


Thursday, December 1, 2016

ভোর হোক, আমি ঠিক আসবো



দীপান্বিতা,  স্বপ্ন সমাধিতে পিশাচ উল্লাস অন্ধকারের প্রকট আবরণে ঘিয়ে রঙা  চাঁদ কবেই তার  অষ্টাদশ যৌবন হারিয়ে অসহায় নিজেকে সঁপে দিল অমাবশ্যার গহীনে কবিতার খেরোখাতায় ছন্দহীন শ্লেষ নিরুদ্দেশ পথের অসীম ব্যপ্তিতে খেই হারায় ইচ্ছেঘুড়ি নীল আকাশের বুকে কালো মেঘের ছোপ ছোপ দাগ যেন এক একটি ব্যালাস্টিক ক্ষত স্বপ্ন সমাধিতে আবার উল্লাস পিশাচের অট্ট দাম্ভিক হাসি সাক্ষ্য দেয় নিত্য পরাজয়ের বেলাশেষের আগেই নেমে আসে অন্ধকার রক্তঘামে জমা পড়ে স্তুপায়িত নিপীড়িত বোধ কালশিটে পড়া ভোর গুলো আপন পরিচয় ভুলে ঘুমন্ত থাকে কুয়াশার ঘোরে তুমি কি শুনতে পাও সেই আর্তনাদ?

ক্ষমা করো দীপান্বিতা উষ্ণ ঠোঁটের ভেজা স্পর্শ নিয়ে পেমিক হতে পারিনি পারিনি চোখে চোখ রেখে, প্রেমের শব্দাবলী কবিতায় এনে নির্মল বিকেল আর তোমার আলিঙ্গনের অনিমেষ নির্যাস নিতে এই সমাজে প্রেম খুব স্বতন্ত্র এক বস্তু একে সার্বজনিন করার সংগ্রাম আহত প্রেমিকের বিষাদের চেয়ে কম কছু নয়  দীপান্বিতা , হয়তো আসবো ফিরে, পিশাচের অবসানে স্বপ্নগুলোকে সমাধিতে নয় , হৃদয়ে আসীন দীপ্ত অহমিকায় ভোর হোক, আমি ঠিক আসবো প্রেম নিয়ে প্রতীক্ষায় থেকো দীপান্বিতা , বহুদিনের ক্ষুধার্ত প্রেমিক হব

Tuesday, August 2, 2016

দু অক্ষরের পরিধি



এরপর আর নীলাভ আভায় নয়, তমসার অভেদ্য জালে নিয়ত জড়িয়ে যাওয়া আর পোড়া সিগারেটে উড়িয়ে দাও আক্ষেপের শ্বাস। এরপর আর কবিতা নয়, চারিদিকে শব্দ বুনে যাক অকথ্য সংলাপ। তাই প্রেমও আর চপলানন্দে
উদ্ভাসিত হয়ে সপ্তবর্ণে বর্ণীল নয়। ঘৃণা আর বিষাদের গ্রাসে ফ্যাঁকাসে বিবর্ণতায় গড়াগড়ি খায় অপ্রাপ্তির তাড়নে। নির্বাসিত ছন্দরা মুখ ফিরিয়ে নিক পাণ্ডুলিপির লোকালয় থেকে। পড়ন্ত বিকেলের কোমল রোদটুকু অগত্যা আবছা অন্ধকারে মুখ লুকাক। প্রেয়সীর শরত-শোভিত শরীর ক্ষতবিক্ষত হোক কুসিত লম্পটের নখের আঁচরে। শূন্যতা গ্রাস করুক সবুজের সতেজ কক্ষপথ। এসো তাই লালিত হোক আজ বোধের সীমাবদ্ধতা স্বারথপর আড়ম্বর । 
আমি তুমি আর বাকিরা চোখ বুজে সয়ে যাই অন্ধকার, জন্মান্ধ ভেবে। স্বপ্ন তো শুধু যুক্ত বর্ণের নিষ্প্রাণ সমন্বয়, দু অক্ষরের পরিধি।