Tuesday, May 20, 2014

আত্মবিস্মরণ


আজো ঐ ওষ্ঠের উষ্ণ চুম্বনে স্বপ্ন খেয়ায় জেগে ওঠে রঙের মিছিল,
আজো এই স্নিগ্ধ হাতের কোমল স্পর্শে প্রেম হয়ে ওঠে কামনার গড়ল।
তবু কোথাও এক তীব্র শূন্যতার বিষাদ, স্মৃতিবিলাপে আড়ষ্ট বক্ষতল
সময়ের বাঁকে  সে প্রেম আজ অন্য কোন হৃদ-অঙ্গনে উড়ন্ত গাংচিল।
এখন কবিতায় শুধু অন্ধকার আর বিভ্রান্ত রাত্রির নিত্য বিচরণ 
প্রতিটি অবসর  নিকোটিন জমানো ঘোরে নির্লিপ্ত নিষ্প্রাণ নিষাদ 
কবিতাগুচ্ছ সময়েরবিক্ষুব্ধ গ্রাসে খুঁজে নেয় ক্লান্তির অবসাদ-
হাজারো স্বপ্ন রচিত বক্ষে পরাজয়ের নিরন্তর রক্তক্ষরণ। 

এখনকার কবিতার রাত্রি জ্যোস্নাময় নয়, অমাবস্যার আঁধারে স্তব্ধ,
বাসন্তী  উন্মাদনা কভু ছুঁয়ে যায়না আজ কল্পলোকের নির্মেঘ বিকেল-
চিত্তকোণে ক্রমশ জমে ওঠে ছন্দহীন নৈরাশ্যের কুণ্ঠিত শব্দ।
সহসা করুণ আর্তিতে আহত চেতনাকে  গ্রাস করে আত্মবিস্মরণ
মুহূর্তেই সেই চপল কোটীর উচ্ছাস, সুডৌল বক্ষ আর স্নিগ্ধ হাসির উদ্বেল
বিস্মৃতিতে হারায় ধীরে, বেড়ে ওঠে আঁধারের কালো আবরণ।


Wednesday, May 14, 2014

তৃপ্ত অনুরাগে


বৈশাখী দাবদাহে ক্রুদ্ধ সূর্যতেজ, পিপাসা কাতর ব্যকুলতা,
উত্তপ্ততায় পীচগলা রাস্তা
হঠা মৃদু তৃপ্তির আবেশ- 
তোমার ওড়নার হালকা ছুঁয়ে যাওয়ায়।
মুহূর্তে চৌরঙ্গী থেকে প্রান্তিক অথবা মুক্তমঞ্চ
হারিয়ে ফেললো খরতাপে ঝলসানো তেজের প্রদাহমান চরিত্র,
তোমার আমার ভালবাসায় রচিত হলো শীতল সবুজ।
ছন্দহীন অভিমান হয়ে গেলো 
ছন্দময় ভালবাসার তৃপ্ত অনুরাগ।

Sunday, May 4, 2014

স্বার্থের দাসত্ব



প্রতিনিয়ত আমরা লখিন্দর হয়ে দংশিত হই দাসত্বের শাপে।
আমাদের চেতনার প্রচ্ছদ জুড়ে গ্লানি আর জড়তার অদৃশ্য অবগুণ্ঠন।
আমাদের স্বপ্ন প্রতারিত হয় মহাকালের চর্চিত ছলে,
নিরবধি বয়ে যায় বর্তমান, দাসত্বকে কাধে নিয়ে অনিশ্চিত আগামিতে। 

ক্ষুধার্তের নিত্য হাহাকারে এখানে জমে ওঠে শ্যাম্পেন উসব ,
আর্তের বক্ষফাটা ক্রন্দনে এখানে শোষকের উদ্যম নৃত্য।
বঞ্চিতের শতসহস্র হাত বৃথা আস্ফালন করে সাময়িক মুক্তির উচ্চাভিলাষে-
নিমেষেই মুক্তির অপমৃত্যু, শোষকের পদাঘাতে দলিত কৃষ্ণচূড়ার মতো।

আজ শিল্পের  বিকাশ থমকে যায় সমাজ সৃষ্ট পাপের দায়ভারে,
এখানে কবিতা মানে উম্মাদের প্রলাপ, নাস্তিকের কল্পকথন।
এখানে সঙ্গীত মানে অধর্মের অভিশপ্ত আওভান,
স্বপ্নহীন ঘরকুনো দাসত্বের নিবীর্যতাই এখানে চিরায়ত পরিনাম।

আমাদের স্বপ্ন আর আকাঙ্ক্ষা গুলো লুণ্ঠিত হয় স্বার্থের  ছকে বাঁধা দাসত্বে।
আর স্বপ্নের পরিধি অগত্যা লীন হয় দুঃস্বপ্নের আগ্রাসী অন্ধকারে,
জাগরণী শত কবিতা জমা পড়ে ধুলোমাখা শেল্ফের মলিন এক কোণে,
অন্ধকারের রাশউসবে আকার পায় বিকার গ্রস্থ অপসংস্কৃতি, ছেয়ে যায় তারুন্যে।