Thursday, November 15, 2012

সে অপ্সরা



দৃষ্টি যে তার স্বপ্নমাখা
সুচিস্মিতার বর্ণে আঁকা
মন যে আমার উদ্বেলে হায়
উর্বশী সে তাই বলে যায়
মিষ্টি ঠোঁটের স্নিগ্ধ হাসি
চিত্তে মম বাজায় বাঁশী
ছন্দ তান আর সুরে সুরে
তার ছোঁয়া আজ কাব্য জুড়ে
মৌমাতাল ওই বক্ষ যে তার
জাগিয়ে তোলে বাসনা আমার
পটল ছেড়া ও দুই চোখে
হারাই আমি কল্পলোকে
ছিপছিপে তনু কলসি কটি
আমার তাড়ায় দেয় যে ছুটি
দৃষ্টি আমার আবেগ ভেলায়
চপল কটির ছন্দ দোলায়
মৃদু সমীরে তার এলো চুল
ছুঁয়ে যেতে মোর হৃদয় ব্যাকুল
দুষ্টু হাওয়া অবাধ্যতায়
দস্যি হেসে ওড়না ওড়ায়
লাজুক আভা প্রান ফিরে পায়
সন্তরপি ওই মুখের মায়ায়
আবেগ ক্লিষ্ট ওই স্নিগ্ধতা
দূর করে শত বিবর্ণতা
তার চাহনির প্রভঞ্জনে
নব প্রভাত আজ সবার মনে
শ্যাম বরণ ওই মুখের ছবি
উল্লাসে তার মুগ্ধ কবি
জমিয়ে যে ভয় কলমটা কয়
রাগবে না সে তাই মনে হয়...


Wednesday, November 14, 2012

বোধের মৃত্যু

কোন এক গোধূলির পরে
ক্লান্ত উদাস রাত্রির চরাচরে
সীমাহীন অপরাধ বোধের গ্লানি
বিকট পাপের বিষণ্ণ হাহাকারে
বোধের আহত ডানায় ভর করে
হতাশা।হাতরে খুঁজে ফিরি
এই জড়তা ভরা নিঃশব্দের পরে
তারুন্নের উদ্বেল।

বিবর্ণ বিকট বর্তমানের কাছে
পরাজিত সেই বোধ, দর্শন।
সেই স্পর্শ আজ আলোড়ন হয়ে জাগে না,
কেবল দহন জ্বালা, সেই চুমু আজ
উৎকণ্ঠার নয়, আবেগ রাঙ্গান ভালোবাসার নয়,
প্রচলিত সমাজের চোখরাঙ্গানো নিষেধের
চাতুকারিতায় মগ্ন।

নিরবধি কেঁদে যায় চেতনার অতীত।।

Thursday, November 8, 2012

স্মৃতির পটে

আজন্ম পাপের বিকট মুখবয়ব এর প্রলয় হুঙ্কারে বিপন্ন্ন বোধ.
অনন্ত রাত্রির মত যাপিত জীবন.
কখনো বা স্ফিত হয়ে আসে নৈরাশ্যের দুরন্ত ডানা.
প্রসন্ন বিকেলের আলোড়ন আবাহন
শুধুই কেবল মরিচিকাময় ।

আজ বিরুদ্ধ বাতাসের সাথে বয়ে যাওয়া সিগারেটের ধোঁয়া
জাগিয়ে তোলে স্মৃতির অতলে হারিয়ে যাওয়া তোমার সেই মুখ।
বৈশাখী শিলাপাতে আহত শস্যের মত বিপন্ন আমার বর্তমান।

নেই আর সেই দিনের রউদ্রময় বিকেলে চৌরঙ্গীর কোলাহল,
নেই তোমায় নিয়ে ডাইরির বুকে জন্ম নেয়া কত সব
খুচরো প্রেমের কবিতা।

ঘরমুখো পথিক নই আমি, তবুও তোমায় ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছি।
পথহারা বিদ্রোহীর ক্লান্তির চোখ নিয়ে আমি তোমায়
দেখাতে চেয়েছিলাম জ্যোৎস্নার ছবি।
ভুলে গিয়েছিলাম  মৃত কবির কাব্যের ঝুলিতে
স্বপ্ন নয়, বাসা বাঁধবে হাহাকার।

সেই প্রিয় সুর সেই চেনা কণ্ঠ
সেই না বলা কথার প্রবল উন্মাদনা
আজ বিস্মৃতির অন্তরীপে মহাপ্রয়ানের অপেক্ষায়।
অপরাধবোধে আড়ষ্ট হই, ভেবে নেই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে
স্বপ্ন দেখতে নেই, সুখ বুনতে নেই,স্বপ্ন দেখাতে নেই।

এখনো সেই চেতনার দ্রোহ, পাড়ি দেয়ার স্বপ্নে
পথের ক্লান্তি বয়ে নিয়ে চলা, সেই ভারি নিকোটিনের ক্রমাগত আছড়ে পরা
হৃদপ্রকোষ্ঠে। আর তোমার ছায়াময় অনুভূতি।
যে রক্তমাংসে জেগে উঠবে না আর।
পুঁজিপতিদের লালসায় হারিয়ে যাওয়া সাম্যের মতই বিলীন।

গল্প আর শ্লোগানের দিনে সেই তুমি

সেই শরতের প্রসারিত আকাশে
জমে ছিল নিলাভ স্বপ্নের মেঘ।
বয়সে তেইসের উন্মাদনা
ঘামে চিকচিক করে সাম্ম্যের আভাস
আর তোমার উষ্ণ ঠোঁটের মাতাল আওভান।

প্রেমে উন্মত্ত হাত ছুঁয়ে যেত
তোমার কামনা আপ্লুত বক্ষজুগল
শান্ত বিকেলের মৃদু হাওয়ায় তোমার
সন্তরপি হেঁটে যাওয়া ,
পাছে দুষ্টু বাতাস সরিয়ে দেয় লজ্জা জড়ানো ওড়না।
সেই তেইস ছিল বিপ্লবের শ্লোগান আর
তোমার উষ্ণ চুম্মনে একাকার।

Wednesday, November 7, 2012

দ্রোহের ছন্দে

দ্রোহই আমার গল্প আজি,
দ্রোহই প্রণোদনা-
দ্রোহের কায়ায় তোমার আমার
প্রেমের স্বপ্ন বোনা।

 
দ্রোহের বুকে খুঁজে ফিরি
মুক্তি তানের ছন্দ,
দ্রোহের উত্তাপ ঝলসে দিক আজ
অহংবোধের স্কন্ধ।

দ্রোহের স্রোতে এক হয়ে যাক
রাম-রহিম এর অন্তর
দ্রোহের ভেলায় তোমার বুকে
ভাসুক প্রেম নিরন্তর।